×

মুক্তচিন্তা

বেগ-আবেগ

Icon

নিয়াজ জামান সজীব

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

বেগ-আবেগ

ছবি: সালভাদোর দালি’র ‘দ্যা পারসিসটেন্স অব মেমরি’ চিত্রকর্ম অবলম্বনে

গতিময় এক অস্থির দুনিয়ায় আমাদের বসবাস। জীবনে কমেছে আবেগ, বেড়েছে বেগ। পৃথিবী এখন হাতের মুঠোয়। হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, তখন শোষক আর শোষিতের সেই দুনিয়ায় আবেগ হারিয়ে শুধু বেগের আস্ফালন। যদিও বেগ ছাড়া এখন কেউ জীবনের ঝংকার আর ছন্দ মেলাতে পারে না। 

বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ- ‘দৃষ্টিপাত’ গ্রন্থে বিনয় মুখোপাধ্যায়ের এই উক্তিটি ধরে এগিয়ে গেলেই বোঝা যায় হৃদয় থেকে ক্ষরিত রসের যুগ বুঝি ম্রিয়মান হয়ে যাচ্ছে। সম্পর্ক অর্থাৎ আদি ভাষায় মেয়ে-ছেলে বা নারী-পুরুষের পারষ্পরিক বোঝা-পড়ায় এখন বাস্তবতাকে গুরুত্ব দেয়া হয়। তবুও মানুষ তো আর তাই আবেগ থেকেই যায়।

ফেসবুকে দেখলাম প্রেমিকের বিয়ে হয়ে যাচ্ছে, তবুও প্রেমিকা শেষবারের মতো তার সাথে কথা বলতে এসেছে। বলছে- জানি তোমার বিয়ে হয়ে গেছে, তবু একবার কথা বলতে চাই।

গতির গুতাগুতির ভেতরে এ এক চিরন্তন আকাংখা। তারে দেখার- তার কথা শোনার- শেষবারের মতো অনুধাবণ করার চেষ্টা- কোনো সে তার হলো না। হয়তো প্রেমিক আর আবেগের ধার ধারেনা। সে চলে বেগের সাথে। গতির ধারাবাহিকতায় প্রেম দিয়ে ভবিষ্যতকে পেছনে টানতে চায় না। চায় নিশ্চিত জীবন।

অথচ জীবন হলো গৌরবময় অনিশ্চয়তার মেলা। ক্রিকেট খেলাকে যেমন বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। তবুও সেই খেলায় অনেক কিছু নির্ধারিত হয় প্রযুক্তির ছোঁয়ায়। হেরে যায় প্রিয় দল। কাঁদে হৃদয়। তবুও আবেগে ভর দিয়ে আবারো সমর্থন করে যায়।

বেগ দ্রুত কাজ করে। যা বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় জীবনকে সহজ এবং যান্ত্রিক করেছে। আর আবেগ ধীরে ধীওে ছড়িয়ে পড়ে। তবে এর ব্যাপ্তি বিশাল। এই যান্ত্রিকতা ও দ্রুতগতির জীবনে মানুষের পারস্পরিক সম্পর্ক, সহানুভূতি, ও অনুভূতি কমিয়ে দিয়েছে। তবে কাজকে সহজ করতে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। মানুষ তাই আটকে আছে বেগের কাছে। কারণ কে না চায় দ্রুত ও সহজে লক্ষ্য অর্জন করতে। 

মানুষ এখন চাঁদে বসবাসের জন্য জমি কিনে রাখে। এইতো এই মাসের ১ তারিখ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় আর্টেমিস-টু নভোযান। রেইড ওয়াইজম্যান ,ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন -এই চার নভোযাত্রী অংশ নিয়েছিলেন ১০ দিনের এই চন্দ্রাভিযানে। চারজনের মধ্যে জেরেমি কানাডার, আর বাকি ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। পাড়া মহল্লার দোকানে আলাপ ওঠে চান্দের দেশে বাংলাদেশের মানুষ কবে যাবে? তবে যে দেশের মানুষকে সহজে আবেগতাড়িত করা যায়, সেখানে প্রযুক্তির অনেক ব্যাখ্যা ভুল প্রমাণিত হয়ে যায়। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে এদের বিন্দুমাত্র বুক কাঁপে না।

চাঁদে যাওয়ার এই মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের অ্যাপোলো-থার্টিন মিশনের রেকর্ড ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল ভেঙে দিয়েছে। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানে আর্টেমিস-টু পৃথিবীর দুই অক্ষপথ প্রদক্ষিণের সময় ১১ লাখ ১৭ হাজার ৫১৫ কিলোমিটার এবং চাঁদের চূড়ান্ত ফ্লাইবাই-এর ২ লাখ ৫২ হাজার মাইল অতিক্রম করেছে।

তাই এই যুগে কেউ কি আর আবেগ নিয়ে পড়ে থাকে? সময় তাই এখন বেগের। সময়ের আবেগ মাঝে মাঝে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তবে আবেগ কিন্তু অকৃত্রিম। যার প্রকাশ হয় আচরণে, কথায়, অযৌক্তিক ভালোবাসায়।

অনেকে বলেন, বেগ মানুষের আবেগ কেড়ে নেয়নি, বরং প্রকাশের যৌক্তিক মাধ্যম তৈরীতে ভূমিকা রাখছে। শৈল্পিক ছন্দের সাথে যন্ত্রের অন্যরকম মেলবন্ধন তৈরী করছে। 

যুদ্ধের কারণে ইরানে ৫০ দিন যাবত ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। তবুও দেশটির নাগরিকদের মধ্যে কি যোগাযোগ বন্ধ আছে? থাকে না। আবেগ যেখানে সেখানে কোন বাধাই আটকে রাখতে পারেনা। যদিও বেগের অতিমাত্রার কারণে অনেক কিছুই হারিয়ে যায়। অনেকে তাল মেলাতে না পেরে মাথার ভেতরে তালগোল পাকিয়ে ফেলে এটা অবশ্য বেশী আবেগের কারণেও হয়। 

তথ্যের অবাধ প্রবাহের এই যুগে এখন আর কেউ কোন কিছুতেই পিছিয়ে থাকতে চায় না। সবাই পৃথিবীটাকে হাতের মুঠোয় বন্দি করে দ্রুত ছুটতে চায়।

যদিও দড়ি ছেঁড়া গরুর কারণে মালিক অস্থির হয়ে যায়। মানুষের মতো অন্য প্রাণীদের প্রযুক্তির সহায়তায় পণ্যমূল্য বাড়ানো হয়। 

একসময় আমরা পত্রমিতালী করতাম। একটি চিঠির অপেক্ষায় যে গভীর আবেগ ছিল। এখন তা দ্রুতগতির ই-মেইল বা মেসেজে আর পাওয়া যায় না। কয়েক সেকেন্ডের দেরির কারণে অনেক সর্ম্পক শেষ হয়ে যায়। বাড়ে কলহ। যুদ্ধ বিগ্রহ। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা শিশুদের সৃজনশীলতা ও জানার আগ্রহ কমিয়ে দিচ্ছে। তবুও অভিভাবকরা চান তার সন্তান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার শিখে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করুক।

তবে আবেগহীন সন্তান অবশ্য একসময় পিতা-মাতার বিপদের কারণ হয়ে যায়। অনেকে আদর্শ বেগের পেছনে ছুটে আবেগ হারিয়ে ফেলে। একটি রাজনৈতিক দল মানুষের আবেগের নাম। সেই দল কখন ‘আ’ বাদ দিয়ে বেগে পরিণত হয়ে যায়। তা বুঝতে অন্তত এক দশক লেগে যায়।

তবে আদর্শ থাকলে আবেগ থাকবেই। সত্যিকারের আদর্শ আবেগের সাথে বেগকে সমন্বয় করে এগিয়ে যায়।

আবেগে কাঁদা শিশুটি সময়ের পরিক্রমায় গতি দানব না হয়ে পরিপূর্ণ মানব হয়ে ওঠে। সেই মানবের ভালোবাসা-স্নেহ-মমতা আর শিক্ষার আধুনিক সংমিশ্রন পুরো জাতিকে পথ দেখায়। কোনো এক অজো পাড়া-গাঁ থেকে উঠে আসে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা গতিময় মানুষ।

লেখক: সাংবাদিক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকার অব্যবস্থাপনায় ২৬ রোগের বিস্তার, সংকটে জনস্বাস্থ্য

টিকার অব্যবস্থাপনায় ২৬ রোগের বিস্তার, সংকটে জনস্বাস্থ্য

মার্কিন অবরোধে ২১ জাহাজ

মার্কিন অবরোধে ২১ জাহাজ

প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App