বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আবু জাহানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হক ড্রামে রেখে এসব পেট্রল অধিক দামে বিক্রি করছিলেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বাড়ির মালিক আবু জাহান দাঁতভাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার ছেলে এরশাদুল হক ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এরশাদুল হক পাম্প থেকে এনে পেট্রল ড্রামে মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি পেট্রল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গোপনে বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়ালঘরে ড্রামে পেট্রল মজুত করে তা বেশি দামে বোতলে করে বিক্রি করছিলেন যুবলীগ নেতা এরশাদুল হক। খবর পেয়ে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত আবুু জাহানের বাড়িতে অভিযান চালান। এ সময় গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল ও তেল বিক্রির উপকরণ জব্দ করা হয়। অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রি করায় পেট্রলিয়াম আইন ২০১৬ অনুযায়ী এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরশাদুল হক ঘটনাস্থলে না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেন।
তবে অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্য ড্রামে কিছু পেট্রল রাখা হয়েছিল। কিন্তু প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি বাড়িয়ে প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসন ১০ হাজার টাকা জরিমানা করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের সময় রাজনীতি করেছেন। বাজারে তার তেলের দোকান আছে।’
তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি হারুন।
সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়ির গোয়ালঘরে পেট্রল মজুত করায় ১০ হাজার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে। তেলের ড্রামটি জব্দ করা হয়েছে।’
