‘তেল নেই’ লেখা পাম্পে পাওয়া গেলো পৌনে ৯ হাজার লিটার তেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত পাওয়া গেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুত যাচাই করেন। এ সময় দেখা যায়, সেখানে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। সবমিলিয়ে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন, ‘পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে পেট্রল, ডিজেল, অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে বিক্রি করছিল না। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করায় পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
