বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
অতুল পালঃ বাউফল (পটুয়াখালী) থেকে
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল মৃধা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ ফেব্রুয়ারি) সোমবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। শাকিল ওই ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা-বাউফল-দশমিনা রুটের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্বে ছিলেন।
স্থানীয় দফাদার মো. রফিকুল ইসলাম বলেন, রবিবার ঘর থেকে বরে হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শীতের পোষাক পরিহিত লাশটি উদ্ধার করলে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।
শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা বলেন, তার ভাই শাকিলকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
