বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
অ্যামোনিয়ার তীব্র সংকটের কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির মজুদ অ্যামোনিয়া শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল।
এর আগে জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
আরো পড়ুন : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি
কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের ফলে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি এই দুটি প্রতিষ্ঠান থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল।
ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। সংকট মোকাবিলায় মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ার কারণে গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। যদিও মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল, এখন সেই মজুদ শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।
