×

চট্টগ্রাম

নিলাম ছাড়াই সরকারি সম্পদ বিক্রি, তদন্তের দাবি স্থানীয়দের

Icon

বাঞ্ছারামপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম

নিলাম ছাড়াই সরকারি সম্পদ বিক্রি, তদন্তের দাবি স্থানীয়দের

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিকল্প রাস্তা নির্মাণের কোনো ব্যবস্থা না করেই কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে, ফলে কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কদমতলী উত্তরপাড়ায় বাঞ্ছারামপুর-কদমতলী-মরিচাকান্দি সড়কের ১৩ কিলোমিটার অংশে একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণকাজ চলছে। এলজিইডির আওতাধীন এই প্রকল্পটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে পুরাতন কালভার্ট অপসারণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নিলাম প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কালভার্ট ভেঙে ফেলায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “আমরা হঠাৎ দেখেছি কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। কোনো নিলামের খবর আমাদের জানা নেই।”

রহিমা বেগম বলেন, “সরকারি সম্পদ এভাবে বিক্রি হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, “কালভার্টটি ভাঙা হচ্ছে বা কারা কাজ করছে এ বিষয়ে আমি কিছুই জানি না। এটি নিলামে দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলছিল। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশেই কাজটি হচ্ছে।”

অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “নতুন কালভার্টের কাজ আমাদের মাধ্যমে হচ্ছে এবং ঠিকাদার কাজটি করছে।”

নিলাম ও বিকল্প সড়ক ছাড়া কালভার্ট ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এভাবে কাজ করা উচিত নয়, তবে ঠিকাদার এমনটি করেছে। আমি তাকে ফোন করলে সে জানায়, ‘উপরের চাপের কারণে’ কাজটি করেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, “এভাবে কাজ করা সম্পূর্ণ সরকারি নীতিমালার পরিপন্থি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন অভিযোগ দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই ঘটনা নিয়ে মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গ্রেপ্তার

জুলাই ঘটনা নিয়ে মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম গ্রেপ্তার

ইরানে যৌথ হামলায় নিহত ছয়

ইরানে যৌথ হামলায় নিহত ছয়

মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিদের যোগদান, তীব্র নিন্দা জানালো ফ্রান্স

মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিদের যোগদান, তীব্র নিন্দা জানালো ফ্রান্স

রংপুরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

শ্রমিক কর্মবিরতি প্রত্যাহার রংপুরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App