চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
ফাইল ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) মারা গেছেন।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশ্বের সড়কের উপর আহতের রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরেরদিন শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মিজান সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিজান তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঈদ শপিং থেকে ফেরার পথে গারাংগিয়া গ্রামের হাতিয়ারপুল এলাকায় মুখোশধারী দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক তুলে নেয়।
পরে ওই স্থানেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ববিরোধের জের হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
