কালবৈশাখি ঝড়ে গাছচাপায় প্রান গেল নারীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ পড়ে শেফালী বর্মন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সৈয়দ সওকত আহমেদ।
নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের মৃত রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর শেফালী বর্মন তার বাবার বাড়িতে একটি টিনের ঘরে একাকী বসবাস করতেন। তার দুই মেয়ে থাকলেও বিয়ের পর তারা নিজ নিজ সংসারে থিতু হয়েছেন। বুধবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বসতঘরের পাশে থাকা একটি বিশাল কাঁঠাল গাছ উপড়ে সরাসরি তার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা শেফালী বর্মন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝড় থামলে পরিবারের সদস্যদের আহাজারিতে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ধ্বংসস্তূপ থেকে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি।’
