×

চট্টগ্রাম

মুরাদনগরে খাবারে নিষিদ্ধ রং ও কেমিক্যাল: ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

মুরাদনগরে খাবারে নিষিদ্ধ রং ও কেমিক্যাল: ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি

ছবি: কাগজ প্রতিবেদক

বাহারি রঙ, তীব্র সুগন্ধ আর আকর্ষণীয় স্বাদের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর এক স্বাস্থ্যঝুঁকি। লাভের আশায় কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় বিরিয়ানি, কাচ্চি, মিষ্টি ও ফাস্টফুডসহ নানা ধরনের খাবারে মেশানো হচ্ছে নিষিদ্ধ রং, কৃত্রিম সুগন্ধি এবং ক্ষতিকর রাসায়নিক। অনুসন্ধানে উঠে এসেছে, খাবারকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবহার করছে কাপড়ের রং ও অজ্ঞাত উৎসের কেমিক্যাল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

খাদ্য বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান শুধু খাবারের মান নষ্ট করছে না, বরং দীর্ঘমেয়াদে মানুষের শরীরে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজার, বাঙ্গরা বাজার, রামচন্দ্রপুর বাজার ও মুরাদনগর সদর বাজারের কয়েকটি রান্নাঘর ও খাবারের দোকানে সরেজমিনে গিয়ে দেখা যায় খাবারের রং উজ্জ্বল ও লোভনীয় করতে কাপড় রাঙানোর রং পর্যন্ত মিশিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি ও কাচ্চিতে। এছাড়া খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের নিম্নমানের কেমিক্যাল ও কৃত্রিম সুগন্ধি।

অনুসন্ধানে আরও জানা যায়, অনেক ক্ষেত্রে ‘কেওড়া জল’ বা সুগন্ধি পানির নামে এমন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যার উৎস বা খাদ্যে ব্যবহারের অনুমোদন সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের রাসায়নিক খাবারে ব্যবহার সম্পূর্ণ অনিরাপদ এবং তা সরাসরি মানবস্বাস্থ্যের জন্য হুমকি। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন,

কাপড়ের রং বা অজানা কেমিক্যাল দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে তা কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। একই সঙ্গে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। খাবারের রং ও সুগন্ধি যদি খাদ্যমান অনুযায়ী অনুমোদিত না হয়, তবে তা মানুষের শরীরে বিষক্রিয়ার মতো প্রভাব ফেলতে পারে।

ভোক্তাদের অভিযোগ, বাহারি রঙ ও তীব্র সুগন্ধ দেখে অনেক সময় মানুষ খাবার কিনে ফেললেও তারা বুঝতে পারেন না যে সেই খাবারের ভেতরে মিশে আছে ক্ষতিকর কেমিক্যাল। ফলে অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, খাবারগুলো দেখতে এত সুন্দর লাগে যে সন্দেহ করার সুযোগ থাকে না। কিন্তু পরে জানা যায় এগুলোতে বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। মুরাদনগর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনছুর আলম বলেন,

খাবারে ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মেশানো শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের বিরুদ্ধে গুরুতর অপরাধ। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশে হোটেল, রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস বা খাবারের দোকান চালাতে হলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) এর নিয়ম মেনে নিবন্ধন ও লাইসেন্স নিতে হয়। এটি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত হয়। এই আইন জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, যে কোনো খাদ্য ব্যবসা যদি এই নিয়ম না মেনে পরিচালিত হয়, তা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, খাবারে ভেজাল বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ সত্য হলে নিরাপদ খাদ্য আইনের অধীনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার বিভিন্ন বাজারের হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলো নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি জোরদার করা হবে এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালানো হবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সচেতন মহলের দাবি, ভেজাল ও ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়া জরুরি। বাহারি রঙ বা অস্বাভাবিক গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলা এবং সন্দেহজনক খাদ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করাই হতে পারে এই বিপজ্জনক প্রবণতা প্রতিরোধের কার্যকর উপায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App