মালয়েশিয়াগামী যাত্রীর লাগেজে মিললো ১২০ কেজি ওষুধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী এক যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ ওষুধ আটক করা হয়েছে। এ সময় যাত্রীকে আটক করা হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৬ এপ্রিল) বিমানবন্দরের ৫নং হেভি লাগেজ গেট থেকে ওষুধসহ যাত্রীকে আটক করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, আজ সোমবার মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে (এমএইচ-১০৩) ঢাকা থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন এক যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫নং হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন ওই যাত্রী। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে যাত্রীর বহনকৃত মোট ৪টি লাগেজে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে ওই লাগেজগুলো থেকে প্রায় ১২০ কেজি ওষুধ পাওয়া যায়। এ সময় ওষুধগুলো জব্দের পাশাপাশি ওই যাত্রীকে আটক করা হয়।
পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক ওষুধগুলো ডিএম (ডেসট্রয়েড মার্চেনডাইস) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
