ভক্তদের সুখবর দিলেন করণ জোহর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম
চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শো-টির নবম সিজন শুরু হচ্ছে আগামী দিওয়ালিতে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন করণ জোহর।
সম্প্রতি ‘দ্য উইক’ এর সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানান, এক দর্শক শো-টির ফেরার সময় জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, “দিওয়ালি। সিজন ৯।” এর আগে ২০২৪ সালে এই শো-টির অষ্টম সিজন শেষ হয়েছিল।
‘কফি উইথ করণ’ মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু ও বিতর্কের ঝড়। গত সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের জন্ম দিয়েছিল। এছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সানি ও ববি দেওলের উপস্থিতিতে সিজন ৮ ছিল বেশ জমজমাট।
আরো পড়ুন : অক্ষয়ের মেয়েকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া সেই যুবক গ্রেপ্তার
এই শো-র অতীত ঘাঁটলে উঠে আসে আরো বহু আলোচিত মুহূর্ত। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির বিতর্কিত মন্তব্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। এমনকি ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন।
তবে সব বিতর্ক ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল কঙ্গনা রানাউতের সেই পর্ব, যেখানে তিনি করণ জোহরকে সরাসরি ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ ও ‘মুভি মাফিয়া’ বলে আখ্যা দেন। ২০১৪ সালের সেই এপিসোড আজও বলিউডের ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের অন্যতম সূত্র হিসেবে বিবেচিত হয়।
২০০৪ সালে শুরু হওয়া এই টক শোটি প্রতিটি সিজনেই দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে, আর নতুন সিজন নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
