অর্থমন্ত্রী হলে জনগণের টাকা নষ্ট হতে দেব না: রেজা কিবরিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রীর দায়িত্ব পেলে তিনি জনগণের করের টাকা অপচয় হতে দেবেন না বলে জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়া। একই সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বলেও জানান তিনি।
সম্প্রতি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রেজা কিবরিয়া। তিনি বলেন, আগের বাজেটগুলোতে নানা সমস্যা রয়েছে এবং পূর্বের মেগা প্রকল্পগুলোর পরিবর্তে এমন উন্নয়নকাজে জোর দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়। এটি তারেক রহমানের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, অদক্ষ সরকারের কারণে গত ১৮ বছর দেশের অপচয় হয়েছে এবং অতীতের ভুলগুলো সংশোধন করা প্রয়োজন। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেজা কিবরিয়া বলেন, প্রকৃত বিনিয়োগকারীরা ঋণ পাচ্ছেন না, অথচ রাজনৈতিক প্রভাবে অনিচ্ছুক ঋণগ্রহীতাদের অর্থ দেওয়া হচ্ছে। এতে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরো পড়ুন : নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাসা প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায়?
মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ৩০০ জন সংসদ সদস্যই আশাবাদী, আমিও আশাবাদী। হবে কি না জানি না, তবে হলে খুশি হবো। না হলেও এলাকাবাসীর জন্য কাজ করে যাব।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে প্রতিটি মন্ত্রণালয়ের বাজেট সতর্কতার সঙ্গে যাচাই করার কথা জানান তিনি। জনগণের করের অর্থ যাতে অপচয় না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির আশ্বাস দেন। পাশাপাশি প্রতি সপ্তাহে কয়েকশ’ ভোটারের সঙ্গে সময় দেওয়ার পরিকল্পনার কথাও বলেন।
নিজ নির্বাচনী এলাকার যোগাযোগব্যবস্থার দুরবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, এক ঘণ্টার পথ পাড়ি দিতে এখন পাঁচ ঘণ্টা সময় লাগে। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং আন্ডারপাস নির্মাণ হবে অগ্রাধিকারভিত্তিক কাজ।
এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচন-পরবর্তী সময়ে তাকে বিএনপির সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে আলোচনায় আনা হয়েছে।
