ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখি ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দুপুরে ঝড়ের তীব্রতায় সোনাহার সাকরাল গ্রামের রংমিস্ত্রি সোহেলের টিন ও কাঠের তৈরি বসতঘরের ওপর একটি বিশাল ‘চাম্বুল গাছ’ উপড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহেলের স্ত্রী ইয়াসমিন বেগম প্রাণ হারান।
একই দুর্ঘটনায় তাদের সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। বর্তমানে শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্যসামগ্রী সহায়তা এবং দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরো সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’
