মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: মেঘনায় ডুবে যাওয়া ট্রলার
ভোলার মনপুরা-তজুমদ্দিন নৌপথে চলাচলকারী যাত্রীসহ একটি পণ্যবোঝাই ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোতের তোড়ে তজুমদ্দিন ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা মাঝিসহ তীরে উঠতে পারলেও মনপুরার ব্যবসায়ীদের ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে ছেড়ে আসার সময় তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে আজ বুধবার সকালে ডুবে যাওয়া ট্ৰলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই ট্রলারের মাঝি হিরন। তিনি জানান, লঞ্চ যাওয়ার সময় ঢেউয়ের ধাক্কা ও স্রোতের কারণে মালবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪টি রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল, ভোজ্যতেলসহ অন্য মালামাল নদীতে তলিয়ে যায়।
ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী জানান, ট্রলারটির ধারণক্ষমতার বেশি মালামাল নিয়ে তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশে যাত্রা করার পর একদিকে কাত হয়ে যায়। পরে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে ফের তজুমদ্দিন ঘাটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটি স্রোতের তোড়ে ডুবে যায়।
মনপুরার হাজিরহাট বাজারের কীটনাশক ব্যবসায়ী কাউছার জানান, ট্রলারে ১২০ বস্তা ব্রয়লার খাবার ছিল। সেগুলোসহ আরও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কমরকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, তজুমদ্দিনের মেঘনায় ট্রলারডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে।
