ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
২০২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকগুলো হলো, এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পৃথক বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ব্যাংকগুলোর পৃথক মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে জানা গেছে।
এবি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যেখানে আগের বছরে লোকসান ছিল ২১ টাকা ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা। ব্যাংকটির এজিএম ১৮ জুন সকাল ১০টায় এবং রেকর্ড ডেট ২১ মে নির্ধারণ করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরে ছিল ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা। এজিএম ২৪ জুন সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ২১ মে নির্ধারণ করা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, আগের বছরে যা ছিল ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। এজিএম ২৯ জুন সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ২১ মে নির্ধারণ করা হয়েছে।
ওয়ান ব্যাংকের ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮ পয়সা, আগের বছরে ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। এজিএম ১৩ আগস্ট সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ১১ জুন নির্ধারণ করা হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা, আগের বছরে ছিল ৫ টাকা ৩০ পয়সা লোকসান। ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। এজিএম ১৩ আগস্ট সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ১৫ জুন নির্ধারণ করা হয়েছে।
এনআরবি ব্যাংকের ক্ষেত্রে ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা, আগের বছরে ছিল ১১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। এজিএম ২০ আগস্ট সকাল ১১টায় এবং রেকর্ড ডেট ১৭ জুন নির্ধারণ করা হয়েছে।
