টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরীফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরো পড়ুন : রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
