ভিনিসিয়ুসকে মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ছবি- সংগৃহীত
ইউরোপসেরার লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে উল্লাসে মেতে ওঠে বাভারিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ালেও নাটকের তখনও অনেক বাকি ছিল। ৮৮ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ, যা ম্যাচটিকে অতিরিক্ত সময়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তের ছন্দপতনই কাল হলো স্প্যানিশ জায়ান্টদের জন্য। ৮৯ মিনিট এবং ইনজুরি টাইমে পরপর দুই গোল হজম করে বসে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এছাড়া এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড দেখে মাঠ ছাড়া রিয়ালের রক্ষণকে আরও এলোমেলো করে দেয়। একজন কম নিয়ে শেষ কয়েক মিনিটের চাপ সামলাতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মাদ্রিদিস্তারা।
তবে হারের বিষাদ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা এই তারকা গোল বা অ্যাসিস্ট কোনোটাতেই অবদান রাখতে পারেননি। ম্যাচের পর তাকে নিয়ে তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। ম্যাচ শেষ হওয়ার পর দলের বাকি সদস্যরা যখন বাসে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন, তখন ভিনিসিয়ুসকে স্টেডিয়ামেই থেকে যেতে হয়।
জানা গেছে, আন্তর্জাতিক ফুটবলের নিয়মিত প্রটোকল অনুযায়ী ‘র্যান্ডম অ্যান্টি-ডোপিং’ পরীক্ষার জন্য তাকে নির্বাচন করা হয়। এই পরীক্ষা সম্পন্ন হতে অনেকটা সময় লেগে যাওয়ায় লজিস্টিকসের খাতিরে রিয়ালের দলীয় বাসটি তাকে ছাড়াই বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যায়। পরে ডোপ টেস্টের প্রক্রিয়া শেষ হলে ব্যক্তিগত গাড়িতে করে তাকে বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করে ক্লাব কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ফুটবলে ডোপিং-বিরোধী নীতিমালা অত্যন্ত কঠোর। কোনো খেলোয়াড় নিষিদ্ধ পদার্থ ব্যবহারে দোষী সাব্যস্ত হলে বা পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানালে চার বছর পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রেও দুই বছরের শাস্তির বিধান রয়েছে।
চ্যাম্পিয়নস লিগ থেকে এই হতাশাজনক বিদায়ের পর রিয়াল মাদ্রিদের সামনে এখন লা লিগার চ্যালেঞ্জ। ঘরোয়া লিগেও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় বেশ চাপে আছে দলটি। আগামী ম্যাচে ডিপোর্টিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এবং শিরোপার দৌড়ে টিকে থাকতে ভিনিসিয়ুসদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।
