এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও ড. নাদিমুর রহমান নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার ধারায় তুলে ধরেছেন। জামায়াতের নীতিমালা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্নমত প্রকাশ করা এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ার কারণে তিনি আলোচনায় আসেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজ আগ্রহে দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং দল তাকে স্বাগত জানিয়েছে। শিগগিরই তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হবে।
একই তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, শুধু নাদিমুর রহমানই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেক নেতা দলে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে জানান, এনসিপি তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যার বিভিন্ন কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে। তিনি এটিকে সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল হিসেবে দেখছেন। বর্তমানে দেশের বাইরে থাকলেও দলের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেখান থেকেই যুক্ত হচ্ছেন। দেশে ফিরে একটি আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে পারে।
