রামেকে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। আর শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে।
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, নতুন করে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়।
