চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর।
তার সফর ঘিরে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ (রোববার) বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন।
৩০ মার্চ (সোমবার) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
একইদিন সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন।
রাষ্ট্রপতি ৩১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। সেদিনই দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।
