এসএসসি পরীক্ষা
কেন্দ্র সচিবদের জন্য বোর্ডের বিশেষ নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং প্রশ্নপত্র সংরক্ষণ, পরিবহন ও যাচাইয়ের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে।
প্রশ্নপত্র গ্রহণ, প্যাকেট যাচাই ও খোলার সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউএনও, পুলিশ ও কেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সেট কোড ছাড়া অন্য কোনো প্রশ্নপত্র ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে
কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ, আসন বিন্যাস, পর্যবেক্ষক নিয়োগ, সময়সূচি মেনে পরীক্ষা গ্রহণ এবং নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের জটলা রোধ, সিসি ক্যামেরা ব্যবহার এবং টয়লেট তল্লাশির নির্দেশও রয়েছে।ক
বোর্ড আরো জানিয়েছে, উত্তরপত্র প্যাকেজিং, পরিবহন ও সংরক্ষণে নির্ধারিত নিয়ম মানতে হবে এবং কোনো ত্রুটি থাকলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন। পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উত্তরপত্র বোর্ডে জমা দিতে হবে।
