×

ইউরোপ

ইউরোপকে জঙ্গিবাদের ‘আঁতুড়ঘর’ বললেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:৩৭ পিএম

ইউরোপকে জঙ্গিবাদের ‘আঁতুড়ঘর’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন নতুন একটি জঙ্গিবাদবিরোধী কৌশল বাস্তবায়নের পথে এগোচ্ছে। ওই কৌশলপত্রে ইউরোপকে জঙ্গিবাদের ‘আঁতুড়ঘর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বুধবার (৬ মে) নতুন এই কৌশলের বিস্তারিত প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ইউরোপে ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের প্রবেশ জঙ্গিবাদের বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নতুন কৌশলপত্রে ‘সহিংস ও কট্টর বামপন্থিদের’ নির্মূলের কথা বলা হয়েছে। একই সঙ্গে তথাকথিত ‘ট্রান্সজেন্ডার-সমর্থক উগ্রবাদীদেরও’ একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই কৌশল মূলত ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। নথিতে উত্তর, দক্ষিণ ও মধ্য আমেরিকার মাদক চক্র নির্মূলের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে ইউরোপের বিরুদ্ধে। যদিও ইউরোপের অধিকাংশ দেশই আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এর পরও ট্রাম্পের রক্ষণশীল প্রশাসন ইউরোপের নীতির কড়া সমালোচনা করেছে।

আরো পড়ুন : মানব পাচারের অভিযোগ, ব্রিটিশ নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

কৌশলপত্রে বলা হয়েছে, “এটা স্পষ্ট যে বৈরি সংগঠনগুলো ইউরোপের উন্মুক্ত সীমান্ত ও তথাকথিত ‘এক বিশ্ব, এক দেশ’ আদর্শের সুযোগ নিচ্ছে। যতদিন এসব অনাকাঙ্ক্ষিত গোষ্ঠীর বিস্তার চলবে এবং ইউরোপের বর্তমান নীতিতে পরিবর্তন না আসবে, ততদিন জঙ্গিবাদ টিকে থাকবে।”

নথিতে আরো বলা হয়, “পশ্চিমা সংস্কৃতি ও মূল্যবোধের জন্মস্থান হিসেবে ইউরোপকে অবশ্যই জেগে উঠতে হবে এবং এই স্বেচ্ছাপ্রণোদিত অবক্ষয় রোধ করতে হবে।”

এই নতুন কৌশলপত্রের পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের জঙ্গিবাদবিরোধী সমন্বয়ক সেবাস্টিয়ান গোরকা। তার বিরুদ্ধে কট্টর ডানপন্থি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

কয়েক মাস আগে ট্রাম্প নতুন জাতীয় নিরাপত্তা কৌশলও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি ইউরোপের কঠোর সমালোচনা করে দাবি করেন, অবাধ অভিবাসনের কারণে ইউরোপীয় সভ্যতা ধ্বংসের মুখে পড়েছে।

সম্প্রতি ন্যাটো জোটের মিত্রদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার অভিযোগ, ইরান যুদ্ধের সময় ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে কোনো সহায়তা দেয়নি।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রিপাবলিকান প্রশাসন বামপন্থি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিভিন্ন নীতি গ্রহণ করে যাচ্ছে।

ট্রাম্পের ভাষায়, বামপন্থিদের মধ্যে “সহিংস বামপন্থি উগ্রবাদী, অরাজকতাবাদী ও ফ্যাসিবাদবিরোধী কর্মীরা” অন্তর্ভুক্ত।

যারা আমেরিকার বিরোধিতা করে, ট্রান্সজেন্ডার অধিকারের পক্ষে অবস্থান নেয় এবং অরাজকতার আদর্শে বিশ্বাস করে, তাদেরকে নতুন কৌশলে “সহিংস ও বিধর্মী রাজনৈতিক গোষ্ঠী” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি এসব গোষ্ঠীকে দ্রুত শনাক্ত ও নির্মূলের ওপর জোর দেওয়া হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক-এর হত্যাকারীকেও নথিতে “ট্রান্সজেন্ডার-সমর্থক উগ্রবাদী” হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো লিঙ্গকে স্বীকৃতি না দেওয়ার অবস্থান স্পষ্ট করে আসছেন ট্রাম্প। বিশেষ করে ট্রান্সজেন্ডার মতাদর্শের প্রতি তার বিরোধিতার বিষয়টি বারবার সামনে এসেছে।

অভিষেকের কিছুদিন পরই তিনি এক নির্বাহী আদেশে সই করে ঘোষণা দেন, নারী ও পুরুষ ছাড়া অন্য কোনো লিঙ্গের অস্তিত্ব নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে  সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: সেই শিক্ষক ৩ দিনের রিমান্ডে

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

পাঞ্জাবের ‘ক্যাচ মিসের’ মহড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App