×

অপরাধ

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

৩ মাসে সারা দেশে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম তিন মাসে সারা দেশে ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ১০৭টি। একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে শীর্ষ সন্ত্রাসীদের পুনরুত্থানকে ঘিরে।

চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় অন্তত ১৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে রাজধানীতে মোট ১০৭টি খুন হয়েছে। এর মধ্যে মার্চে ৩৩টি, ফেব্রুয়ারিতে ৩৮টি এবং জানুয়ারিতে ৩৬টি হত্যাকাণ্ড ঘটে।

সারা দেশের চিত্রও উদ্বেগজনক। একই সময়ে দেশে মোট ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চে ৩১৭টি খুনের ঘটনা ঘটে। চলতি মাসেও দেশের বিভিন্ন স্থানে একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাঙ্গামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ধর্মসিং চাকমা নিহত হওয়ার ঘটনা বিশেষভাবে আলোচিত। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হন।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র (এআইজি, মিডিয়া) এএইচ এম শাহাদাৎ হোসাইন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান, জামিনে মুক্ত সন্ত্রাসীদের গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন : মোহাম্মদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের শীর্ষ সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাদের অনেকেই বিদেশে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। ভুক্তভোগীদের কাছে ফোন করে বড় অঙ্কের টাকা দাবি করা হচ্ছে, কখনো সরাসরি সহযোগীদের মাধ্যমে হুমকি পৌঁছে দেওয়া হচ্ছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার, ফুটপাত ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল ও কন্ট্রাক্ট কিলিংসহ নানা অপরাধে জড়িত এসব চক্র। এসব চাঁদার অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রাজধানীর অন্তত ২০টি এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের অর্ধশতাধিক সহযোগী সক্রিয় রয়েছে। তাদের তৎপরতায় ঢাকাসহ সারা দেশে অস্থিরতা তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে যার অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় দফায় দফায় বৈঠক করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সমন্বয় সভা হয়েছে এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত পাওয়া কিছু শীর্ষ সন্ত্রাসী দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাদের মধ্যে কয়েকজন বিদেশে অবস্থান করেও দেশীয় অপরাধচক্র নিয়ন্ত্রণ করছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় তাদের প্রভাব বিস্তারের লড়াইয়ে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডার দখল, মাদক ব্যবসা ও কিশোরদের অপরাধচক্রে যুক্ত করার প্রবণতাও বেড়েছে। এতে জনমনে ভীতি ও উদ্বেগ বাড়ছে। শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা নদীতে টহলরত নৌ-পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পদ্মা নদীতে টহলরত নৌ-পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

হিট স্ট্রোকের লক্ষণ ও বাঁচার উপায়

হিট স্ট্রোকের লক্ষণ ও বাঁচার উপায়

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

প্রাথমিক শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App