পিএসএলে খেলতে ছাড়পত্র পেলেন পাঁচ ক্রিকেটার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরে অংশ নিতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন।
এবারের আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এছাড়া নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ নতুন করে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম।
বিসিবির একটি সূত্র জানায়, নিউজিল্যান্ড সিরিজ সামনে থাকায় নির্দিষ্ট সময় পর্যন্তই তাদের এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন এই ক্রিকেটাররা।
উল্লেখ, ২৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স মাঠে নামবে, যেখানে মুস্তাফিজ ও ইমনের খেলার সম্ভাবনা রয়েছে। ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, নাহিদ ও শরিফুলের দলের। একই টুর্নামেন্টে জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে, যা এবারের পিএসএলকে আরও আকর্ষণীয় করে তুলবে।
