×

পোশাকশিল্প

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে

ছবি : সংগৃহীত

দেশের তৈরি পোশাক খাতে তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন সক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। একই সঙ্গে সিমেন্ট শিল্পে প্রতি ব্যাগে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সংকট: বাংলাদেশে এর প্রভাব এবং মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন তিনি।

তিনি জানান, পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। কনটেইনার ফ্রেইট চার্জ ২০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় প্রতি কনটেইনারে অতিরিক্ত ৫০০ থেকে ৪ হাজার ডলার পর্যন্ত ব্যয় বাড়ছে।

ডিসিসিআই সভাপতি বলেন, স্টিল ও ফার্মাসিউটিক্যালস খাতে কাঁচামাল ও লজিস্টিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। স্টিল স্ক্র্যাপের দাম টনপ্রতি ৭০ থেকে ৯০ ডলার এবং ওষুধের কাঁচামালের খরচ ৭০০ থেকে ১ হাজার ৮০০ ডলার পর্যন্ত বেড়েছে।

আরো পড়ুন : আরো ২ মাস চড়া দামে জ্বালানি কিনতে হবে বাংলাদেশকে

এছাড়া এলপিজি সিলিন্ডারের দাম ৯০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৯০ টাকায় পৌঁছেছে। প্রায় ৪৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা জ্বালানি সংকটকে তাদের ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন।

জীবনযাত্রার ওপর প্রভাব তুলে ধরে তাসকীন আহমেদ বলেন, গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং চলছে, আর শহরের নিম্নআয়ের মানুষদের আয়ের প্রায় ২২ শতাংশ জ্বালানি খাতে ব্যয় করতে হচ্ছে। কৃষি খাতে ডিজেলের দাম ১৭.৬৫ শতাংশ এবং সার আমদানির ব্যয় প্রায় ৯০ শতাংশ বেড়েছে। সংরক্ষণ সুবিধার অভাবে উৎপাদিত ফসলের প্রায় ৩০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দেশের শিল্পখাতকে আরো চাপে ফেলেছে। এই সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

ঢাকা চেম্বার তাৎক্ষণিক করণীয় হিসেবে জ্বালানির উৎস বহুমুখীকরণ, ডিফার্ড পেমেন্ট সুবিধা নিশ্চিত করা, পরিকল্পিত লোডশেডিং, ক্যাপাসিটি চার্জ পুনর্বিবেচনা এবং স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর সুপারিশ করেছে। পাশাপাশি কৃষিখাতে ভর্তুকি বাড়ানো এবং রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দেওয়া, বাজেটে জ্বালানি-নির্ভর শিল্পে বিশেষ বরাদ্দ, শুল্ক হ্রাস এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখারও পরামর্শ দেওয়া হয়।

দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে তৃতীয় এফএসআরইউ ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ দ্রুত শেষ করা এবং নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি ত্বরান্বিত করার সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, শিল্প মন্ত্রণালয় এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সবগুলো ওয়ানডে ম্যাচ দিনে হবে

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ জ্বালানি বাঁচাতে সবগুলো ওয়ানডে ম্যাচ দিনে হবে

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

আবু সাঈদ হত্যা মামলা গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App